সবজির দাম কিছুটা কমলেও ডিমের বাজার চড়া

পদ্মাটাইমস ডেস্ক: বিগত কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ঘাটতির অজুহাতে সবজির দাম বেড়ে গেলেও রাজধানীর বাজারগুলোতে শুক্রবার (১৬ মে) কিছুটা স্বস্তি দেখা গেছে। বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে। তবে ডিমের দাম বেড়ে নতুন করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলেছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ টাকায়, টমেটো ৬০ টাকা, করলা ও মুলা ৫০ টাকা, শসা ৬০ টাকা, লম্বা বেগুন ৭০ এবং গোল বেগুন ৮০ টাকা কেজি দরে। এছাড়া পটল ও বরবটি ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ধন্দুল ও ঝিঙা ৬০ টাকা, চিচিঙ্গা ও জালি ৫০ টাকা, কাঁচা মরিচ ও পেঁপে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এদিকে, এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে। বড় বাজারে ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায় এবং পাড়া-মহল্লায় ১৪৫ টাকায়। যেখানে গত সপ্তাহে এই দাম ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।
ব্রয়লার ও চালের বাজারে মিশ্র চিত্র
ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, বর্তমানে কেজিপ্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে গরুর মাংসের ক্ষেত্রে কিছু দোকানদার ৭৮০ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন, যদিও দরদাম করে ৭৫০ টাকায় কেনার সুযোগ থাকছে।
চালের বাজারে পুরনো মিনিকেটের দাম কিছুটা বেশি থাকলেও নতুন মিনিকেটের দাম কমেছে। পুরনো মিনিকেটের সর্বনিম্ন দাম ৭২ টাকা এবং নতুন মিনিকেট বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। তবে উন্নতমানের ব্র্যান্ডেড মিনিকেট এখনো ৮৫-৮৬ টাকায় বিক্রি হচ্ছে।
খিলক্ষেত কাঁচাবাজারের বিক্রেতা আমিরুল ইসলাম জানান, পাইকারি বাজারে দাম আরও কম হলেও পরিবহন, শ্রমিক ও দোকান ভাড়াসহ অন্যান্য খরচের কারণে খুচরা বাজারে কিছুটা দাম বেশি থাকে।




