নীতির বাস্তব প্রয়োগে উদ্বুদ্ধ করার আহ্বান পুলিশের

প্রকাশিত: জুন ২২, ২০২৫; সময়: ৬:৫৭ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. জিল্লুর রহমান প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) উদ্দেশে বলেন, “নীতিনৈতিকতা ও মৌলিক মূল্যবোধ শুধু মুখস্থ রাখলে চলবে না, এগুলোর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

রবিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ১৬৮তম ব্যাচের ৩৫৭ জন টিআরসি’র প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিনিয়ত জনসেবা, জ্ঞানচর্চা ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে।”

অধ্যক্ষ আরও বলেন, “বর্তমান সরকার পুলিশের প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করে একে বিশ্বমানের সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে। আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং অপরাধ মোকাবিলায় পুলিশকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।”

অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, টিআরসিদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন