ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের আস্থা ও স্বার্থকে উপেক্ষা করে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা দাবি করেন, নতুন চেয়ারম্যানকে অপসারণ করে ব্যাংককে প্রকৃত অর্থে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
বক্তারা বলেন, রাতারাতি ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তন করে এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে নিজেদের আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, “আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক। আমাদের কষ্টার্জিত অর্থ এই ব্যাংকে গচ্ছিত রয়েছে। যাদের অতীত বিতর্কিত, তাদের হাতে ব্যাংকের দায়িত্ব তুলে দিলে গ্রাহকদের স্বার্থ হুমকির মুখে পড়বে। তাই এ নিয়োগ বাতিল করে যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।”
বক্তারা সতর্ক করে বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গ্রাহকদের আমানত সুরক্ষা এবং ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, মাওলানা নুরুজ্জামান, সালাহউদ্দিন আহমেদ, কামরুজ্জামান সোহেল ও ফরিদ উদ্দিন আখতারসহ অন্যান্যরা।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।




