পুকুর কাটা বন্ধ না করলে দিল্লি থেকে নৌকা আনতে হতো: এমপি মিলন

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬; সময়: ১১:৩২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর ও পবা উপজেলায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, অবৈধ পুকুর খনন বন্ধ না করা গেলে একসময় এমন পরিস্থিতি তৈরি হতো যে দিল্লি থেকে নৌকা এনে চলাচল করতে হতো।

সোমবার দুপুরে মোহনপুর উপজেলা অডিটোরিয়ামে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে এমপি মিলন বলেন, “অবৈধ পুকুর কাটা বন্ধ করতে না পারলে পরিস্থিতি এমন দাঁড়াতো যে ভারত বা দিল্লি থেকে নৌকা ভাড়া করে আনতে হতো। নৌকা আমদানি করে মোহনপুর ও পবায় দিতে হতো। বিগত সরকার এবং তাদের পরবর্তী সময়ে যেভাবে অবাধে পুকুর খনন হয়েছে, তাতে এ এলাকার পরিবেশ ও কৃষি মারাত্মক ক্ষতির মুখে পড়ত।”

তিনি বলেন, “আমরা পুকুর কাটার বিপক্ষে নই, তবে অবৈধভাবে পুকুর খননের বিপক্ষে। আইন মেনে বৈধভাবে যা করার, সেটিই করতে হবে।”

অবৈধ পুকুর খনন বন্ধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোথাও অবৈধভাবে পুকুর খনন হতে দেখলে সঙ্গে সঙ্গে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা সহকারী কমিশনার (ভূমি)-কে জানাতে হবে। প্রয়োজনে তাকে সরাসরিও জানানো যাবে।

তিনি বলেন, “রাত ১২টা, ১টা কিংবা ভোর ৪টা- যেকোনো সময় এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রতিনিধি হিসেবে নিজের জবাবদিহিতার বিষয়টি তুলে ধরে এমপি মিলন বলেন, “জনগণ তাদের পবিত্র আমানত-ভোট-আমাদের দিয়েছেন। আপনারা ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এবং আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাই জনগণের কাছে আমি জবাবদিহি করতে বাধ্য।”

তিনি আরও বলেন, “আমার কাছে শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষও এসে জানতে পারবেন কোনো কাজ কেন হয়েছে বা হয়নি। আমার দরজা সবার জন্য সবসময় খোলা।”

তিনি নিজ নির্বাচনী এলাকায় অবৈধ দখল, মাটি কাটা ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এর আগে মোহনপুর উপজেলা চত্বর থেকে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তার চেক, ফসলের বীজ, ঢেউটিন, গাছের চারা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, বিআরডিবির কর্মকর্তা মো. মশিউর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুবনেতা মিজা শওকত আলী, মৌমাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল এবং জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন