ইনিংস ব্যবধানে লজ্জার হার, সিরিজ শ্রীলঙ্কার

পদ্মাটাইমস ডেস্ক: চতুর্থ দিনের শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৪ বল টিকতেই পারেনি টাইগাররা। ফলে দুই ইনিংস মিলিয়ে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৭৮ রানে হেরে গেছে বাংলাদেশ। গল টেস্ট ড্র হলেও, কলম্বো টেস্ট জিতে সিরিজ ১-০ তে নিজেদের করে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ, তখনও পিছিয়ে ছিল ৯৬ রানে। ইনিংস হার এড়াতে ব্যাটারদের দরকার ছিল এক দুর্দান্ত প্রতিরোধ। তবে চতুর্থ দিনের শুরুতেই চার বল খেলে সাজঘরে ফেরেন শেষ স্বীকৃত ব্যাটার লিটন দাস (১৪)। এরপর দ্রুত উইকেট হারিয়ে ১৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
প্রথম ইনিংসের চিত্রেও ছিল হতাশা। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ থামে মাত্র ২৪৭ রানে। জবাবে পাথুম নিশাঙ্কার দুর্দান্ত ১৫৮ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা তোলে ৪৫৮ রান -লিড ২১১। দ্বিতীয় ইনিংসেও বিজয়, সাদমান, মুমিনুল, শান্ত, মুশফিকদের ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে ব্যাটিং।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩৩ (৪৪.২ ওভার)
ফল: শ্রীলঙ্কা জয়ী ইনিংস ও ৭৮ রানে
ম্যাচসেরা ও সিরিজসেরা: পাথুম নিশাঙ্কা




