সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

পদ্মাটাইমস ডেস্ক: লড়াই করার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছিল বাংলাদেশ দল। কোনো ফরম্যাটেই আসছিল না স্বস্তির জয়। এমন হতাশার মধ্যেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের আত্মবিশ্বাসের কথা জানালেন শামীম পাটোয়ারী। ইনিংসের শুরুতে কুশল মেন্ডিসকে রান আউট করার প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই এটা গেম চেঞ্জার ছিল। এখন আমরা জিতেছি, সিরিজ ১-১ এ সমতায়। ফিল্ডিং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে বেশি খুশি হওয়ার কিছু নেই। প্রতিদিনই এটা আমার কাজ।’
সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়ে শামীম যোগ করেন, ‘ওয়ানডে সিরিজে আমরা হেরেছি। টি-টোয়েন্টিতে এখনও সুযোগ আছে। আশা করি ভালো খেললে ইনশাল্লাহ সিরিজটা জিততে পারব। জেতার আত্মবিশ্বাস আমাদের সবসময়ই থাকে। দলে পরিবর্তনও হয় দলের ভালোর জন্য। আজ জিততে পেরে ভালো লাগছে।’
নিজের ব্যাটিং নিয়ে শামীম বলেন, ‘ব্যাটিংয়ে গেলে সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। কারও না কারও রিস্ক নিতে হবে, আমি সেটা দায়িত্ব নিয়ে নিই। এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং আমার খুব পছন্দ। এই ফরম্যাটে যত বেশি পজিটিভ থাকব, তত ভালো খেলতে পারব।’
এর আগে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ১৭৭ রানের বড় সংগ্রহ। শেষ দিকে মাত্র ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শামীম। জবাবে শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিসকে দারুণ থ্রোতে রান আউট করেন শামীম। বোলারদের দাপুটে বোলিংয়ে ৯৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
দারুণ এক জয় নিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ। এখন লক্ষ্য সিরিজ জয়।




