রাজশাহীতে হোটেল মালিকদের সঙ্গে আরএমপির মতবিনিময়

প্রকাশিত: জুন ১০, ২০২৬; সময়: ১১:০৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর আবাসিক হোটেল-মোটেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে হোটেল-মোটেল মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এতে মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও মোটেলের মালিক এবং ব্যবস্থাপকরা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারী হোটেল মালিক ও ব্যবস্থাপকরা জানান, বর্তমানে তারা কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন না। পাশাপাশি মহানগরীর বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তারা।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির হোটেল ও মোটেলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিটি প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখার পাশাপাশি আগত অতিথিদের জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য বৈধ পরিচয়পত্র যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের নির্দেশনা দেন। এছাড়া বিদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

পুলিশ কমিশনার হোটেল-মোটেলে অসামাজিক কার্যকলাপ, জুয়া, মাদকসেবন ও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মালিক ও ব্যবস্থাপকদের সতর্ক থাকার পরামর্শ দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের কর্মচারীদের বিস্তারিত তথ্য সংরক্ষণ এবং তাদের কার্যক্রম নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরএমপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। মহানগরীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে হোটেল-মোটেল মালিকসহ সকল নাগরিকের সহযোগিতা প্রয়োজন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মো. আল মামুন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম, চলতি দায়িত্ব) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মীর মো. শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি) মো. গাজিউর রহমান পিপিএমসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন