ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের নৌকা প্রতীক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫; সময়: ১১:৩০ am | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক: নিবন্ধন স্থগিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি ওয়েবসাইট থেকে সরানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তিনি লেখেন, ‘অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?’ একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই মার্কা রেখে দিলেন?’

গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর চলতি বছরের ১২ মে দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপর নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।

এরপরও গত ১৩ জুলাই সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছিলেন, নিবন্ধন স্থগিত হলেও এখনই নৌকা প্রতীক বাতিল করা হচ্ছে না। একইসঙ্গে তিনি জানান, শাপলা প্রতীককেও এখনই অন্তর্ভুক্ত করা হবে না।

তবে নৌকা প্রতীক ওয়েবসাইটে থাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবাদ জানিয়েছিল। গত ১৩ জুলাই নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে দলটি নৌকা প্রতীক বাতিলের দাবি তোলে। সেই প্রেক্ষিতেই আজ নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন