রাজশাহী নগরে আড়াই লাখ গাছ লাগানোর লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: জুন ৩, ২০২৬; সময়: ৪:২২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে আগামী এক বছরে প্রায় আড়াই লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

বুধবার (৩ জুন) দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণ করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ লাগানোর কার্যক্রম শুরু হয়েছে।

নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

কর্মসূচির আওতায় তালাইমারী থেকে কাটখালী সিটি কর্পোরেশনের শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠালবাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচণ্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন এবং বিসিক ম্যাচ ফ্যাক্টরি থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি মহানগরীর ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাও এ কর্মসূচির আওতায় থাকবে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং নগরবাসীর সহযোগিতায় উদ্যোগটি সফল করা হবে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যথাযথ পরিচর্যা করুন। আসুন, সবাই মিলে রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।”

রাসিক প্রশাসক আরও বলেন, শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও করা হবে। সিটি কর্পোরেশনের পরিবেশ শাখার কর্মীরা গাছে নিয়মিত পানি প্রদান ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, রাসিক সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন