মাঠের বাইরেও আলোচনায় মেসি, হাতে ছিল ১১ কোটির ‘বার্বি’ রোলেক্স ঘড়ি

পদ্মাটাইমস ডেস্ক: মাঠে নামেননি, তবুও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। গেল শনিবার ইন্টার মায়ামি ও সিনসিনাতির মধ্যকার গোলশূন্য ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। তবে গ্যালারিতে বসে ছেলে থিয়াগোর সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায় তাকে-আর সেখানেই নজর কাড়ে তার হাতে থাকা একটি বিরল ও বিলাসবহুল ঘড়ি।
মেসির হাতে থাকা ঘড়িটি ছিল রোলেক্সের ‘বার্বি’ ডেটোনা মডেলের, যার মূল্য প্রায় ৭ লাখ ব্রিটিশ পাউন্ড-বাংলাদেশি মুদ্রায় যা ১১ কোটিরও বেশি। গোলাপি স্যাফায়ার ডায়মন্ড আর ১৮ ক্যারেট হলুদ সোনায় তৈরি এই ঘড়ি তৈরি হয়েছে মাত্র ১০টি। এটি বাজারে সাধারণ বিক্রয়ের জন্য নয়; বরং রোলেক্স নিজেই বিশেষ ক্রেতাদের নির্বাচন করে থাকে।
বিশ্বের সেলিব্রিটিদের মধ্যেও এ ঘড়ির মালিক হাতে গোনা কয়েকজন। মেসি ছাড়া কেবল হলিউড অভিনেতা মার্ক ওয়ালবার্গের হাতেই দেখা গেছে এটি। ধারণা করা হচ্ছে, মেসি ‘দ্য ক্রাউন’ নামের অভিজাত ক্রেতাদের তালিকায় থাকায় পেয়েছেন ঘড়িটির অফার।
ঘড়ি আলোচনার পাশাপাশি, মেসি ও তার পরিবারের একটি কনসার্টে অংশগ্রহণ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠে। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচ দেখার পর তারা যান কোল্ডপ্লের কনসার্টে। সেখানে ‘কিস ক্যাম’-এ ধরা পড়েন মেসি ও তার স্ত্রী আন্তোনেল্লা। তবে ক্যামেরার দিকে হেসে তাকিয়ে চুমু এড়িয়ে যান তারা, যা ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয় হাস্যরস।
খেলার বাইরে এমন উপস্থিতিতেই আবারও প্রমাণ হলো-মেসি কেবল মাঠের নয়, স্টাইল ও ব্যক্তিত্বেও একজন অনন্য আইকন।




