অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর

পদ্মাটাইমস ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আজ (৮ আগস্ট) পূর্ণ করছে তাদের এক বছরের মেয়াদ।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর, মাত্র তিন দিন পর ৮ আগস্ট শপথ নেয় এই সরকার। এর আগে টানা ৩৬ দিনের আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান।
সংস্কারের পথে এক বছর
জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন কাঠামো, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচারব্যবস্থা, আইন-শৃঙ্খলা এবং অভ্যুত্থানে নিহতদের বিচারসহ নানা খাতে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেয়। ইতিমধ্যে একাধিক সংস্কার কমিশন গঠন ও তাদের সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
গঠিত কমিশনগুলোর মধ্যে রয়েছে-
নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন
পুলিশ সংস্কার কমিশন
বিচারব্যবস্থা সংস্কার কমিশন
দুর্নীতি দমন সংস্কার কমিশন
জনপ্রশাসন সংস্কার কমিশন
স্বাস্থ্য সংস্কার কমিশন
গণমাধ্যম সংস্কার কমিশন
শ্রমিক অধিকার সংস্কার কমিশন
নারী বিষয়ক সংস্কার কমিশন
গণঅভ্যুত্থান দিবস ও নির্বাচন ঘোষণা
গত ৫ আগস্ট, শেখ হাসিনার দেশত্যাগের স্মরণে ‘গণঅভ্যুত্থান দিবস’ পালন করে সরকার। সেদিনই “জুলাই ঘোষণাপত্র” প্রকাশ করা হয় এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে “জুলাই সনদ” চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে, রমজানের আগেই অনুষ্ঠিত হবে। এর পরদিন নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।
অর্থনীতিতে স্থিতিশীলতা ও সাফল্য
সরকারের বিভিন্ন পদক্ষেপে এ বছরের জুনে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে আসে ৮.৪৮ শতাংশে-গত ৩৫ মাসের মধ্যে যা সর্বনিম্ন। ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছেন ড. ইউনূস।
দক্ষিণ ও উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যার পরও বাজার মনিটরিং, মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রণ ও দ্রুত পদক্ষেপের ফলে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে, বিশেষ করে গত রমজান থেকে।
প্রবাসী বাংলাদেশিদের আস্থায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়েছে। গত অর্থবছরে রেকর্ড ৩০৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, রপ্তানি আয় বেড়েছে প্রায় ৯ শতাংশ, এবং দীর্ঘদিন পর টাকার মান ডলারের বিপরীতে বৃদ্ধি পেয়েছে।
গত ১১ মাসে বৈদেশিক ঋণদাতাদের কাছে ৪ বিলিয়ন ডলার সুদ ও মূলধন পরিশোধ করেও রিজার্ভ বেড়েছে-যা দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিশোধ রেকর্ড।




