তিন দফা দাবিতে বাঘায় শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫; সময়: ৮:০৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাঘা: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বাড়িভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বাস্তবায়নের দাবিতে রাজশাহীর বাঘায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বাঘা উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউসা ভোকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড বিএম কলেজের সুপারিনটেনডেন্ট রেজাউল করিম। সঞ্চালনায় ছিলেন দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক।

মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল করিম, জহুরুল ইসলাম, প্রভাষক আকবর আলী, ইদ্রিস আলী, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ প্রামানিক, মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, আহসান হাবীব, রোকনুজ্জামান ও পরিমল কুমার প্রমুখ।

বক্তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “জনগণের ঘাম ঝরানো টাকায় কেনা এসির রুমে বসে শিক্ষক-কর্মচারীদের কষ্ট যদি কেউ না বোঝেন, তবে আমরা ঘরে ফিরব না।” মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন