রোমে অবৈধ মেসে গাদাগাদি, ১৬ বাংলাদেশি উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫; সময়: ১২:৪০ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: ইতালির রাজধানী রোমের ভিক্টোরিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ মেসবাসা থেকে ১৬ জন বাংলাদেশি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতরা অস্বাস্থ্যকর ও অপর্যাপ্ত পরিবেশে বসবাস করছিলেন। ফ্ল্যাট ও মেসের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তবে আদালতের নিয়ম অনুসারে তাদের নাম প্রকাশ করা হয়নি।

স্থানীয় গণমাধ্যম পোসিতানো নোতিৎসিয়েতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে বাংলাদেশি মালিকানাধীন ওই ফ্ল্যাটে অনেকে বসবাস করছিলেন। অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা ফ্ল্যাট থেকে বের হওয়া দুর্গন্ধের বিষয়ে পুলিশকে অবহিত করলে তদন্ত শুরু হয়। উদ্ধারকৃতরা একটি ছোট ফ্ল্যাটে গাদাগাদি করে বসবাস করছিলেন। ফ্ল্যাটে মাত্র তিনটি রুম ও একটি বাথরুম থাকায় সেখানে থাকার পরিবেশ অস্বাস্থ্যকর ছিল। প্রতিদিন ১০ ইউরো করে ভাড়া নেওয়া হচ্ছিল।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ফ্ল্যাটের অবস্থা নোংরা ও অস্বাস্থ্যকর, পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই এবং রান্নাঘর ও বাথরুমের অবস্থা শোচনীয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, উদ্ধারকৃতরা বিভিন্ন কাজের খোঁজে রোমে এসেছিলেন। তাদের পরিচয় নিশ্চিত ও বৈধ নথি যাচাইয়ের জন্য প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

রোম পুলিশের এক মুখপাত্র বলেন, মানবিক দিক বিবেচনায় প্রথমে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এ ধরনের অবৈধ ও অমানবিক বাসস্থানের বিরুদ্ধে অভিযান নিয়মিত চালানো হবে। তবে বাংলাদেশি কমিউনিটি নেতারা জানিয়েছেন, রোম ও অন্যান্য বড় শহরে বাংলাদেশিদের জন্য ভাড়া এবং থাকার খরচ অত্যন্ত বেশি। সীমিতসংখ্যক মালিকানাধীন ফ্ল্যাটের কারণে অনেকে এক ফ্ল্যাটে গাদাগাদি করে থাকতে বাধ্য হন। স্থানীয় কমিউনিটি নেতারা জানান, একজন মানুষের জন্য রোমে বাসা ও খাবারে মাসে প্রায় ৮০০ ইউরো খরচ হয়, যা অনেকের পক্ষে সামলানো কঠিন।

এ ঘটনা রোমে বসবাসরত অভিবাসী শ্রমিকদের সীমিত বসবাস ও উচ্চ ব্যয়মানের সমস্যার দিকও ফুটিয়ে তোলে। এতে স্পষ্ট হয়, মানবিক ও আইনি সমস্যার সমাধান ছাড়া শহরে অনেক অভিবাসীর জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর বসবাস নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন