সোনার দাম বেড়ে ফের ২ লাখ টাকা ছাড়াল

পদ্মাটাইমস ডেস্ক: টানা চার দফা কমার পর আবারও দেশের বাজারে সোনার দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে আবারও সোনার ভরি মূল্য ২ লাখ টাকা অতিক্রম করেছে।
বুধবার (২৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়। নতুন এ দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।
এর আগে চলতি মাসের ২০ অক্টোবর সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল। পরবর্তীতে টানা চার দফায় ২৩ হাজার ৫৭৩ টাকা কমে দাম নেমে আসে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। কিন্তু একদিন না যেতেই আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত জানালো বাজুস।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের উপরে ওঠায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী:
২২ ক্যারেট সোনা প্রতি ভরি: ২,০২,৭০৯ টাকা
২১ ক্যারেট সোনা প্রতি ভরি: ১,৯৩,৫০৬ টাকা
১৮ ক্যারেট সোনা প্রতি ভরি: ১,৬৫,৮৬২ টাকা
সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি: ১,৩৭,৮৪৫ টাকা
তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
২২ ক্যারেট রুপা প্রতি ভরি: ৪,২৪৬ টাকা
২১ ক্যারেট রুপা প্রতি ভরি: ৪,০৪৭ টাকা
১৮ ক্যারেট রুপা প্রতি ভরি: ৩,৪৭৬ টাকা
সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি: ২,৬০১ টাকা




