রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬; সময়: ১১:৫৬ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের একটি ল্যাব থেকে তাঁকে আটক করা হয়।

আটক শিক্ষার্থীর নাম সোলায়মান আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মাদার বখশ হল শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় মাদার বখশ হলের কয়েকজন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় সোলায়মানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর নির্যাতনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনার সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের নির্যাতন এবং সাম্প্রতিক পোস্টারিংয়ের ঘটনায় অভিযোগের ভিত্তিতে সোলায়মানকে আটক করা হয়। পরে তাঁকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পুলিশ নেবে।”

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে সোলায়মানকে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন