প্রাথমিক শিক্ষকের নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন

পদ্মাটাইমস ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষার কাঠামো, বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ও পরীক্ষার সময় নিয়ে বড় পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগ পরীক্ষা লিখিত ও মৌখিক দুই ধাপে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের, যেখানে অন্তর্ভুক্ত থাকবে বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)। এর মধ্যে বাংলা ও ইংরেজি বিষয় থেকে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে ২০ নম্বর করে মোট ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষার পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪৫, যা মোট নম্বরের ৫০ শতাংশ। মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও প্রার্থীর ৫ নম্বর পেতে হবে পাসের জন্য।
আগের বিধিমালা অনুযায়ী, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ছিল ৭৫ নম্বরের, আর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ ছিল ২৫ নম্বর। এর মধ্যে এসএসসি, এইচএসসি ও স্নাতকের ফলাফলের ওপর ছিল ১০ নম্বর, এবং অবশিষ্ট ১৫ নম্বর প্রার্থীর ব্যক্তিত্ব, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষতার ওপর নির্ভর করত।
প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যমতে, আবেদন শুরু হবে ৮ নভেম্বর (শনিবার) এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) সহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।




