নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, লালপুর: নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে ২০২৫-২০২৬ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। চলতি মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মিল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মিলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. রশিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নুরুজ্জামান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, সিবিএ সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং আখচাষি আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আখচাষি ও শ্রমিকদের সহযোগিতায় চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে মিল কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।




