সবজিতে লেগেছে ‘লকডাউন’

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে আবারও সবজির দাম বেড়েছে। চলতি মাসের শুরুতে দাম কিছুটা কমলেও গত এক সপ্তাহে প্রায় সব ধরনের সবজি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বৃহস্পতিবারের রাজনৈতিক কর্মসূচির কারণে ঢাকায় সবজিবাহী ট্রাক কম এসেছে। সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
শুক্রবার রাজধানীর বাড্ডা, গুলশান-বাড্ডা লিংক রোড ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি সবজিতেই দাম বেড়েছে।
বর্তমানে সবজির বাজারদর-
পটল ৮০ টাকা (আগে ছিল ৬০ টাকা)
শিম ১২০ টাকা
বেগুন ১০০ টাকা
পেঁয়াজের ফুল ৮০ টাকা
ঝিঙা ৮০ টাকা
চিচিঙ্গা ৮০ টাকা
বরবটি ১২০ টাকা
করলা ১০০ টাকা
শসা ৮০ টাকা
আলু ৩০ টাকা
কচু ৬০ টাকা
ফুলকপি ৫০ টাকা (প্রতি পিস)
বাঁধাকপি ৫০ টাকা (প্রতি পিস)
লাউ ৭০–৮০ টাকা (প্রতি পিস)
কাঁচা টমেটো ১০০ টাকা
কাঁচা মরিচ ১৬০ টাকা
পেঁপে ৩০ টাকা
ঢেঁড়স ৮০ টাকা
মুলা ৬০ টাকা
টমেটো ১৪০ টাকা
গাজর ১৪০ টাকা
বাড্ডা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুল আলিম বলেন, “গত সপ্তাহে কম দামে সবজি কিনেছি, আজ একই সবজিই ২০-৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। শীতের শুরুতেই এমন দাম বাড়া অস্বাভাবিক।”
গুলশান-বাড্ডা লিংক রোডের সবজি বিক্রেতা এরশাদ আলী জানান, “আজ কারওয়ান বাজারে গিয়ে দেখি সবজির দামই বাড়তি। সরবরাহও খুব কম। তাই খুচরা বাজারেও দামের চাপ পড়েছে।”
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, “রাজনৈতিক কর্মসূচির কারণে গতকাল সবজির ট্রাক কম এসেছে। শীতের শুরুতে এমন দাম বাড়া স্বাভাবিক নয়। সরবরাহ কম হওয়ায় আজ সবজির দাম খুচরা পর্যায়ে হঠাৎ বেড়ে গেছে।”
রাজনৈতিক কর্মসূচির ‘লকডাউন’-এর প্রভাব তাই সবচেয়ে বেশি পড়েছে রাজধানীর সবজির বাজারে-কম সরবরাহে দামে লেগেছে আগুন।




