তিন বছর পর ৪৫তম বিসিএসের ফল, উত্তীর্ণ ১৮০৭

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫; সময়: ১২:০২ am | 
খবর > চাকরি

পদ্মাটাইমস ডেস্ক: প্রায় তিন বছর অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল। সরকারি কর্ম কমিশন (পিএসসি) মোট ১ হাজার ৮০৭ প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে। বুধবার রাত ১১টার দিকে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

চূড়ান্ত ফলে নিয়োগ বিজ্ঞপ্তিতে ঘোষিত ক্যাডার পদের সংখ্যার তুলনায় ৫০২ জন কম প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ফল প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে ৫০তম বিসিএসের আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় পিএসসি, আর পরদিনই শুরু হবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পুনর্গঠিত পিএসসি বিসিএস পরীক্ষার গতি বাড়াতে কাজ করছে। দীর্ঘদিন ধরেই এমন দাবি ছিল চাকরিপ্রার্থীদের মধ্যে।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তখন ২ হাজার ৩০৯টি শূন্য পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত ফলে সুপারিশ করা হয়েছে ১ হাজার ৮০৭ জনকে। আবেদন নেওয়ার সাড়ে পাঁচ মাস পর ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা, যাতে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। সেই বছরের ৬ জুন প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়।

প্রিলিমিনারি পাস করা ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় অংশ নেন ২০২৪ সালের ২৩-৩১ জানুয়ারি। পরবর্তী সময়ে গত ১৯ জুন প্রকাশিত হয় লিখিত পরীক্ষার ফল, যেখানে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। এরপর ৮ জুলাই শুরু হওয়া ভাইভা পরীক্ষা চলে ১০ নভেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত ৪৫তম বিসিএসের ফলাফল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন