স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে চিকিৎসককে অব্যাহতি

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫; সময়: ১১:১৬ pm | 
খবর > বিশেষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়া চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শনিবার বিকেলে হাসপাতাল প্রশাসনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল চারটার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস ধনদেবকে শোকজের নোটিশ প্রদান করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান।

তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা সরকারি চাকরি বিধিমালার পরিপন্থী। এ কারণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এর আগে স্বাস্থ্যের ডিজি মো. আবু জাফর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে আয়োজিত একটি সেমিনারে যোগ দিতে এসে হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের কক্ষে টেবিল থাকার কারণ জানতে চাইলে জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণের সঙ্গে তর্কের ঘটনা ঘটে।

২০২৩ সালের ৮ আগস্ট থেকে ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন ধনদেব চন্দ্র বর্মণ। চলতি বছরের জুলাই মাসে তিনি আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

তর্কের বিষয়ে জানতে চাইলে ধনদেব চন্দ্র বর্মণ বলেন, “ডিজির কাছ থেকে একজন গুরুজনের মতো আচরণ আশা করেছিলাম। কিন্তু তিনি সমস্যাগুলো জানতে না চেয়ে টেবিল নিয়ে প্রশ্ন তোলেন।”

তিনি আরও বলেন, “আমার বন্ধুরা সবাই অধ্যাপক হয়েছে। আমিই শুধু বিভিন্ন কারণে আটকে আছি। চাকরি থেকে সাসপেনশন হলেও আমি খুশি হব।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন