এক বছরেই দেবে গেল ইকো পার্কের ওয়াকওয়ে, নির্মাণমান নিয়ে প্রশ্ন

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬; সময়: ১২:২১ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : নির্মাণের এক বছর না পেরোতেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা খাড়ি এলাকার ইকো পার্কের একটি ওয়াকওয়ে দেবে গেছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে প্রায় ২০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সরমংলা খাড়িকে ইকো পার্ক হিসেবে গড়ে তুলেছে। পদ্মা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে খাড়িতে প্রবাহিত করার পাশাপাশি এলাকার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্রায় এক বছর আগে খাড়ির পাশে গাইডওয়াল এবং টাইলস বসানো ওয়াকওয়ে নির্মাণ করা হয়।

সম্প্রতি টানা বৃষ্টির প্রভাবে গাইডওয়ালের একটি অংশ ধসে খাড়ির দিকে হেলে পড়ে। এর ফলে সংযুক্ত ওয়াকওয়ের প্রায় ২০ মিটার অংশ দেবে যায়। ক্ষতিগ্রস্ত অংশের আশপাশেও একাধিক ফাটল দেখা দিয়েছে, যা আরও ধসের আশঙ্কা তৈরি করেছে।

রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়াকওয়ের বড় একটি অংশ নিচে নেমে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ও ত্রুটিপূর্ণ কাজের কারণেই অল্প সময়ের মধ্যেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণের জন্য আলাদা কোনো প্রকল্প বা বরাদ্দ ছিল না। বিএমডিএর একটি পাইপলাইন স্থাপন প্রকল্পের আওতায় কাজ পাওয়া রাজশাহীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্তভাবে এ নির্মাণকাজও দেওয়া হয়। প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে এক বছর আগে কাজটি শেষ হয়।

এ বিষয়ে বিএমডিএর গোদাগাড়ী জোন-১-এর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, “ওয়াকওয়ে ও গাইডওয়াল নির্মাণের জন্য আলাদা কোনো বাজেট ছিল না। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে অন্য একটি প্রকল্পের ঠিকাদারকে দিয়ে কাজটি করানো হয়েছিল। টানা বৃষ্টিতে প্রায় ২০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিকাদারের জামানতের টাকা এখনো আমাদের কাছে রয়েছে। তাকেই দিয়ে দ্রুত সংস্কারকাজ করানো হবে।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন