তানোরে ভূমি অফিসে এসিল্যান্ডের উপর হামলায় গ্রেপ্তার ৩

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে উপজেলা ভূমি অফিস কক্ষে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের উপর হামলার ঘটনায় নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে অফিসে চলা শোনানি চলাকালীন সময়ে হামলাকারীরা জমির কাগজপত্রের ক্রুটি মেটানোর পরও তাদের পক্ষে রায় দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।
অমৃতপুরের জমিলা (৩৫), হরিশপুরের হাফিজুর রহমান (৪৫) ও আব্দুল আওয়াল (৩০) সহ ওই তিনজন এসিল্যান্ডের উপর আক্রমণ চালাতে উদ্যত হন। উপস্থিত কর্মকর্তারা তাদের শান্ত করার চেষ্টা করলে তারা আরও উত্তেজিত হয়ে হামলা চালানোর চেষ্টা করেন। পরে তানোর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬ (সরকারি কাজে বাধা), ৩৫৩ (ধমক দিয়ে আতঙ্ক সৃষ্টি) ও ৩৩২ (সরকারি কর্মকর্তাকে আঘাতের চেষ্টা) ধারায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তানোর থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান নিশ্চিত করেছেন।




