স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন কড়াকড়ি আরোপ করেছে বিসিবি

পদ্মাটাইমস ডেস্ক: শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিয়ে নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ থেকে এ সংশোধিত প্রবেশ নীতিমালা কার্যকর হয়েছে।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকরা নির্দিষ্ট কিছু সময় ও ইভেন্টে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
নীতিমালা অনুযায়ী, ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বোর্ড কর্তৃক নির্ধারিত অনুশীলন বা ট্রেনিং সেশনে মিডিয়ার প্রবেশাধিকার থাকবে। এর বাইরে নিয়মিতভাবে মিডিয়া সুবিধা ব্যবহার করে সংবাদ সংগ্রহের সুযোগ সীমিত করা হয়েছে।
বিসিবি বলছে, এই নির্দেশনা স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সবার জন্য প্রযোজ্য, যার মধ্যে গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত। নিরাপত্তা, সুরক্ষা এবং শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।




