নিয়ামতপুরে ইরি-বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬; সময়: ৬:৪০ pm | 
খবর > কৃষি

তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ইরি-বোরো ধান চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল মাটি ও কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এখানে ধান চাষে আগ্রহী শুধু কৃষকরাই নন, অনেক শিক্ষিত যুবক ও চাকরিজীবীও যুক্ত হচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ২৩ হাজার ৩শ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার ১৬০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। বাকি জমিতে চাষের প্রস্তুতি চলছে। চলতি মাসের শেষ নাগাদ রোপণ কাজ প্রায় শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাসের শুরু থেকেই ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুতের কাজ চলছে এবং অনেক এলাকায় চারা রোপণ শুরু হয়েছে। সরিষা কাটার পরও অনেক জমিতে বোরো চারা লাগানো হবে। এতে কিছুটা দেরি হলেও ফলন ভালো হয় বলে জানান তারা।

তবে এ বছর তীব্র শীতের কারণে অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়েছে। ফলে নতুন করে বীজতলা তৈরি করতে হওয়ায় রোপণে কিছুটা বিলম্ব হচ্ছে। অনেক কৃষককে অতিরিক্ত দামে বীজ কিনতে হচ্ছে। পাশাপাশি কৃষি শ্রমিক, হালচাষ, সার ও সেচ খরচও বেড়েছে। তবুও লাভের আশায় বোরো চাষে ঝুঁকছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে জমি প্রস্তুত ও চারা রোপণ শুরু হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। মাসের শেষের দিকে বোরো আবাদ পুরোদমে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

হাজিনগর ইউনিয়নের বগধন গ্রামের কৃষক সাদেকুল ইসলাম জানান, তিনি এ বছর ৫ একর জমিতে ধান চাষ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন