আইসিসি ভারতের হাতের পুতুল

পদ্মাটাইমস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ভারতের প্রভাবাধীন বলে অভিযোগ করে বিশ্ব ক্রিকেটের জন্য নতুন নিয়ন্ত্রণ সংস্থা গঠনের দাবি তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ক্রিকেটকে টিকিয়ে রাখতে বিকল্প বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা তৈরি করা জরুরি, কারণ আইসিসি এখন “ভারতের হাতের পুতুলে” পরিণত হয়েছে।
খোয়াজা আসিফের এই মন্তব্য আসে বিশ্বকাপ ঘিরে ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে। বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ভারত ম্যাচ না খেললে জরিমানা ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকেও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে বিরোধ নিষ্পত্তি কমিটিতে (ডিআরসি) গেলেও তেমন সুফল মিলবে না বলেও তাদের জানানো হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, পিসিবির দাবির পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে এবং ভারতের মাটিতে না খেলতে চাওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। তারপরও সরকারের নির্দেশে ভারত-ম্যাচ বর্জন করলে তা চুক্তিভঙ্গ হিসেবে গণ্য হবে এবং আইসিসির সম্ভাব্য আর্থিক ক্ষতির দায় পাকিস্তানকেই নিতে হতে পারে।
এ বিষয়ে এখনো আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




