তারেক রহমান-এর সামনে ৫ বড় চ্যালেঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬; সময়: ৩:০২ pm | 
খবর > বিশেষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক: দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে মাত্র সাত সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানুয়ারির শুরুতে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সেখানে আইনের শাসন, আর্থিক শৃঙ্খলা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠাকে তিনি প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎকারের ভিত্তিতে তার সামনে থাকা পাঁচটি বড় চ্যালেঞ্জ তুলে ধরা হলো-

১. জাতির আস্থা ফেরানো

২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ও পূর্ববর্তী বছরগুলোর দমন-পীড়নের ঘটনায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা কমেছে। প্রশাসন, বিচারব্যবস্থা ও নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রতিশোধের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য গড়া তার বড় চ্যালেঞ্জ।

২. অর্থনীতি পুনরুদ্ধার

উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, তরুণদের বেকারত্ব এবং দারিদ্র্য পরিস্থিতি নতুন সরকারের জন্য বড় চাপ। ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ, ব্যাংকিং খাত উন্মুক্তকরণ এবং প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তবে সামাজিক সহায়তা কর্মসূচির অর্থায়ন নিয়ে প্রশ্ন রয়েছে।

৩. ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। তিস্তা পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যু অমীমাংসিত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক, শুল্ক ইস্যু ও বাজার সম্প্রসারণ নিয়েও নতুন সরকারকে ভারসাম্য রক্ষা করতে হবে।

৪. উগ্র ইসলামপন্থিদের সামলানো

নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর শক্ত অবস্থান ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। যদিও বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তবু গণতান্ত্রিক কাঠামো বজায় রেখে রাজনৈতিক ভারসাম্য রক্ষা একটি বড় পরীক্ষা হবে।

৫. ছাত্র রাজনীতির ভবিষ্যৎ

গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল ছাত্র আন্দোলন থেকে। তবে নির্বাচন-পরবর্তী বাস্তবতায় তরুণদের মধ্যে হতাশা ও বিভাজন তৈরি হয়েছে। নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটানো তারেক রহমানের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারলে ভালো কিছু অর্জন সম্ভব।” নতুন সরকারের সামনে তাই রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন ও আন্তর্জাতিক ভারসাম্য রক্ষার বহুমাত্রিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন