বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীনদের বর্ণাঢ্য বরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬; সময়: ৬:৪৩ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এ স্প্রিং-২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয় দিনব্যাপী জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠান। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় সকাল ১০টায়। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, আইন ও মানবাধিকার, ফার্মেসি, রাষ্ট্রবিজ্ঞান এবং জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, ব্যবসা ও আইন অনুষদের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামানসহ বিভিন্ন বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রকল্যাণ উপদেষ্টা আবু জাফর মো. সাদী।

স্বাগত বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ও ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেসুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের অনন্য ক্ষেত্র। এখানে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় একটি রাজনীতি-মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হবে জ্ঞানার্জন, গবেষণা ও আত্মোন্নয়ন। তিনি নবীনদের নিষ্ঠা, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে পড়াশোনা এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ সময় বিভিন্ন বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর ও শিক্ষার্থীরাও বক্তব্য দেন। পরে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন