মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬; সময়: ৯:০৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে সাব্বির (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি আলমগীরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেড়াবাড়ী দিঘির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির স্থানীয়ভাবে দোকান পরিচালনা করতেন। তিনি একই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খাঁনের ছেলে মঞ্জুর খাঁনের কাছে বকেয়া টাকা দাবি করলে পূর্ব বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মঞ্জুর খাঁন, রুম্মন ও আরেক সাব্বির তাকে অতর্কিতভাবে আক্রমণ করে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার এসআই মোদ্দাসের খাঁন জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন