রাজশাহীতে ‘মব’ তৈরি করে আসামি ছিনতাই

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬; সময়: ২:২৮ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় পুলিশের কাছ থেকে ‘মব’ তৈরি করে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে হাতকড়া উদ্ধারের ঘটনাকে ঘিরেও দেখা দিয়েছে বিতর্ক।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে স্থানীয়দের দাবি, হাতকড়া উদ্ধারে পুলিশের ভূমিকা নিয়ে রয়েছে ভিন্নমত।

ঘটনাটি ঘটে গত রোববার (২২ মার্চ) সন্ধ্যায়। ওইদিন পবা থানা পুলিশের একটি দল উপজেলার পিল্লাপাড়া মোড়ে অভিযান চালিয়ে মো. রাসেল নামে এক যুবককে গ্রেপ্তার করে। পূর্বশত্রুতার জেরে আফসার আলীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। এর আগে ১৬ মার্চ ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বজন ও স্থানীয় কিছু লোকজন জড়ো হয়ে হঠাৎ ‘মব’ তৈরি করেন। তারা হাতকড়া পরা অবস্থায় রাসেলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান।

ঘটনার পর পুলিশ হাতকড়া উদ্ধারে তৎপর হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরে কয়েকজনের মধ্যস্থতায় প্রায় দুই ঘণ্টা পর হাতকড়াটি উদ্ধার করা হয়। তারা জানান, পুলিশ স্থানীয়দের মাধ্যমে আসামির কাছে হাতকড়ার চাবি পাঠায়। পরে ওই ব্যক্তিরা কাছের একটি বিল থেকে হাতকড়া খুলে এনে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তবে এই দাবি অস্বীকার করেছে পুলিশ। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে এড়িয়ে যান। অন্যদিকে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, হাতকড়া উদ্ধার হয়েছে, তবে চাবি পাঠানোর বিষয়টি সঠিক নয়।

তিনি আরও জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন