স্বৈরতন্ত্র কায়েম করলে বিএনপির পরিণতিও আ.লীগের মতো হবে: এনসিপি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬; সময়: ৩:৫৩ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করলে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মতো হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা অভিযোগ করেন, কিছু পুরনো আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি নতুন করে সক্রিয় হয়ে উঠছে এবং স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় তারা পুনর্বাসনের সুযোগ পাচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর কেজির মোড় এলাকায় এক রেস্টুরেন্টে গণঅধিকার পরিষদ ও বিএনপির সমর্থকদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নেতারা।

অনুষ্ঠানে এনসিপির নেতা সাইফ মুস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, গুম ও হত্যার শিকার হয়েও দলকে টিকিয়ে রেখেছেন। অথচ সুবিধাবাদী অনেক নেতা সংকটকালে বিদেশে অবস্থান করলেও এখন তারা প্রভাব বিস্তার করছেন। এতে তৃণমূলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভ থেকেই অনেকেই এনসিপিতে যোগ দিচ্ছেন।

তিনি আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে বিএনপি রাজনীতিতে টিকে আছে। সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন না করে যদি আবারও স্বৈরতান্ত্রিক প্রবণতা দেখা যায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। জনগণ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না।

এনসিপির আরেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তিনি নতুন যোগদানকারীদের উদ্দেশ্যে দ্রুত থানা ও বিভিন্ন পর্যায়ের কমিটি গঠন এবং সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন