নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

পদ্মাটাইমস ডেস্ক: চট্টগ্রাম নগরে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে অনুষ্ঠিত ওই মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অক্সিজেন-হাটহাজারী সড়কের কুয়াইশ এলাকা থেকে মিছিলটি অনন্যা আবাসিক এলাকার দিকে অগ্রসর হয়। পরে সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের সামনে জড়ো হয়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সহসভাপতি।
অনন্যা আবাসিক এলাকা চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী ও চান্দগাঁও থানা এবং জেলার হাটহাজারী মডেল থানা এলাকার সংযোগস্থলে অবস্থিত। তবে মিছিলটি যে স্থানে হয়েছে, সেটি হাটহাজারী থানার আওতাভুক্ত বলে জানা গেছে।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, “মিছিলের কোনো তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।”
এর আগে গত সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায়ও ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনার পর নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।




