চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বন্যা পরিস্থিতি, শিক্ষার্থীদের দুর্ভোগ ও যাতায়াত সংকট বিবেচনায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬; সময়: ৩:৩৮ pm | 
খবর > শিক্ষাঙ্গন

পদ্মাটাইমস ডেস্ক : বন্যা-পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষার্থী এবং সংশ্লিষ্টদের জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে চলমান এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার চট্টগ্রাম বোর্ডের অধীন অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

একই সিদ্ধান্ত চট্টগ্রাম বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলার বাইরে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন