কাউন্সিলের আগে বিএনপিতে বড় রদবদলের আভাস

পদ্মাটাইমস ডেস্ক: আসন্ন ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে সামনে রেখে বিএনপিতে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ শুরু হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ব্যাপক রদবদলের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতেও নতুন নেতৃত্ব আনার প্রক্রিয়া জোরদার হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। এর আগেই মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন এবং সাংগঠনিক কাঠামোকে ঢেলে সাজানোর কাজ শেষ করতে চায় দলটি।
সম্প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা জেলা বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে সংগঠনকে আরও সক্রিয় ও শৃঙ্খলাবদ্ধ করার নির্দেশনা দিয়েছেন। পর্যায়ক্রমে অন্যান্য মহানগর ও জেলা নেতাদের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।
দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, পুনর্গঠনে ত্যাগী, পরীক্ষিত ও রাজপথের সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। অন্যদিকে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কিংবা সুযোগসন্ধানী হিসেবে পরিচিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে না রাখার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে হাইকমান্ড।
বিশেষ করে ছাত্রদলে নিয়মিত ও মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বে আনার ওপর জোর দেওয়া হচ্ছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলে আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং রাজনৈতিক মামলার শিকার নেতাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে জানা গেছে।
বর্তমানে বিএনপির অধিকাংশ সাংগঠনিক ইউনিট এবং প্রায় সব অঙ্গসংগঠনের কমিটিই মেয়াদোত্তীর্ণ। দীর্ঘদিন একই নেতৃত্ব থাকায় যে স্থবিরতা তৈরি হয়েছে, তা দূর করতেই এই পুনর্গঠনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় সূত্রের দাবি, কাউন্সিলের আগেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটে নতুন আংশিক কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। এতে দীর্ঘদিন অপেক্ষায় থাকা তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।




