ভোট গণনায় কারচুপি হলে সেই হাত থাকবে না: সারজিস আলম

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬; সময়: ১১:২৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা ফলাফল প্রভাবিত করার চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “যে হাত ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করবে, সেই হাত আর থাকবে না।”

শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজশাহী মহানগর এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে নগরীর আলুপট্টি মোড় থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সারজিস আলম বলেন, ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি পরিবর্তন না হলে দেশের রাজনৈতিক ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। তিনি বলেন, “আজ আমার ক্ষমতা আছে বলে কাজ করিয়ে নিলাম, কিন্তু যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন কেউ মূল্য দেবে না। তাই ব্যক্তি নয়, পরিবর্তন আনতে হবে পুরো ব্যবস্থায়; বদলাতে হবে রাজনৈতিক সংস্কৃতি ও মানুষের মানসিকতা।”

অতীতের নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করে তিনি বিএনপির উদ্দেশে বলেন, “আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিলেন, সেই সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ যদি ভোট গণনায় কারচুপির চেষ্টা করে, তাহলে যে হাত এটা করবে, সেই হাত আর থাকবে না।”

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া পদযাত্রায় এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর এনসিপির সভাপতি ও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী মোবাশ্বের আলী।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন