রাজশাহীতে প্রধানমন্ত্রীকে গালির অভিযোগ ফিলিং স্টেশন মালিকের বিরুদ্ধে

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬; সময়: ১০:১২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় তেলের সংকটকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে গালিগালাজের অভিযোগ উঠেছে একটি ফিলিং স্টেশনের মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কৃষক দলের এক নেতা।

অভিযোগকারী আশরাফুল ইসলাম, যিনি গোবিন্দপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি। তিনি জানান- গত রোববার সন্ধ্যায় তিনি ও তাঁর দুই সহযোগী মোটরসাইকেলে তেল নিতে হাটগাঙ্গোপাড়ার একটি ফিলিং স্টেশনে যান। সেখানে তেল না থাকার কথা জানানো হয়। পরে তারা ফিরে যাওয়ার সময় পাম্পের মালিক সারোয়ার জাহান সবুজ প্রধানমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্ত ফিলিং স্টেশন মালিক সারোয়ার জাহান সবুজ অভিযোগটি অস্বীকার করেছেন। তাঁর দাবি, একসঙ্গে অতিরিক্ত তেল চাওয়ায় তা দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘তারা তেল না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। কোনো ধরনের গালিগালাজ করা হয়নি।’

এদিকে অভিযোগকারী আশরাফুল ইসলাম বলেন, তারা একটি মোটরসাইকেলেই তিনজন ছিলেন এবং অতিরিক্ত তেল চাওয়ার বিষয়টি সঠিক নয়।

বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমলযোগ্য অপরাধ না হওয়ায় আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রাথমিক তদন্ত চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন