চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬; সময়: ১০:১৬ am | 
খবর > তথ্য-প্রযুক্তি

পদ্মাটাইমস ডেস্ক: চাঁদে কেবল ভ্রমণ নয়, সেখানে স্থায়ীভাবে বসবাসের লক্ষ্য নিয়ে ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে নিয়মিত নভোচারী পাঠানো, অবকাঠামো গড়ে তোলা এবং মহাকাশের আরও গভীরে অভিযান পরিচালনার একটি মহাপরিকল্পনা প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

সম্প্রতি ‘ইগনিশন’ নামের এক অনুষ্ঠানে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়, যা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জাতীয় মহাকাশ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানা গেছে।

নাসার নতুন প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, ‘প্রায় অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যেই কাজ করছে নাসা। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই চাঁদে ফিরে যাওয়া, সেখানে ঘাঁটি তৈরি এবং মহাকাশে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রতিযোগিতার হিসাব এখন বছর নয়, মাসে গোনা হবে।’

নাসার এই পরিকল্পনা চাঁদ অভিযানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ বিরতির বদলে এখন থেকে ঘন ঘন মিশন পরিচালনা এবং পুনর্ব্যবহারযোগ্য ল্যান্ডিং প্রযুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে। এ অভিযানের প্রথম বড় মাইলফলক হিসেবে ধরা হচ্ছে আর্টেমিস প্রোগ্রাম। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে ‘আর্টেমিস-৩’ মিশনের মাধ্যমে নভোচারীরা চাঁদে অবতরণ করবেন। এরপর ছয় মাস অন্তর নিয়মিত মিশন পাঠানোর লক্ষ্য রয়েছে।

নাসার সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় জানান, পরিকল্পনাটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে প্রযুক্তি যাচাই, রোবোটিক ও কার্গো মিশন বাড়ানো হবে। দ্বিতীয় ধাপে প্রাথমিক অবকাঠামো নির্মাণ, আধা-বাসযোগ্য ব্যবস্থা স্থাপন এবং নভোচারীদের নিয়মিত যাতায়াত নিশ্চিত করা হবে। চূড়ান্ত ধাপে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করে এটিকে দীর্ঘমেয়াদি ঘাঁটিতে রূপ দেওয়া হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন