রাজশাহীতে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬; সময়: ৯:৫৭ pm | 
খবর > লিড

পদ্মাটাইমস ডেস্ক: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।

তিনি জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স ৬ ও ৭ মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

এ সময়ের মধ্যে নতুন করে ১৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে শনিবার দিবাগত রাতে দুই এবং রোববার সকালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত তিন শিশুর মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং একজনের বাড়ি নাটোর জেলায়। তারা সবাই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।

রাজশাহীতে হামের প্রকোপ বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন