তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন কুঁড়ি আয়োজন: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরদের মাঝে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত করতে হবে।
রোববার বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।”
তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করতে হবে। আজকের প্রতিযোগীদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে।
বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতাকে ঘিরে বিকেল থেকেই স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন উপজেলা থেকে আসা শিশু-কিশোর প্রতিযোগীরা নির্ধারিত পোশাকে মাঠে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। গ্যালারিজুড়ে ছিল অভিভাবক ও দর্শনার্থীদের ভিড়। জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও বর্ণিল সাজসজ্জায় পুরো স্টেডিয়ামে প্রাণবন্ত আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. চিত্রলেখা নাজনীন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান।
এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




