আনসার প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন আড়ানীর মেয়ে মৌয়ের

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার তরুণী আফরিন মৌ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা বিশেষ প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন রাজশাহীর জন্য।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজিত “ভিডিপি অ্যাডভান্সড কোর্স (মহিলা-স্পেশাল) ২০২৬” প্রশিক্ষণ সম্প্রতি গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার একাডেমিতে অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন আফরিন মৌ।
তিনি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার যোতরঘু গ্রামের বাসিন্দা। তার বাবা মো. মহন প্রামাণিক ও মা জোসনা বেগম। জোসনা বেগম দীর্ঘ ২৭ বছর ধরে আনসার ভিডিপির দলনেত্রী হিসেবে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মায়ের দেশপ্রেম ও বাহিনীর কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আফরিন মৌও আনসার ভিডিপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন।
প্রশিক্ষণ চলাকালে কর্তব্যপরায়ণতা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও দক্ষতার পরিচয় দিয়ে প্রশংসা কুড়ান তিনি। প্রশিক্ষণ শেষে অর্জিত সম্মাননা ও পুরস্কার নিয়ে নিজ এলাকায় ফিরলে স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
আনসার ভিডিপির সদস্যরা জানান, আফরিন মৌয়ের এই অর্জন শুধু বাহিনীর জন্য নয়, পুরো রাজশাহীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশসেবা ও বাহিনীর সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রশিক্ষণ সনদে উল্লেখ করা হয়, আফরিন মৌ অত্যন্ত নিষ্ঠা ও মেধার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তার সততা, সাহসিকতা ও কর্মদক্ষতা ভবিষ্যতে বাহিনীর অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
এদিকে আফরিন মৌয়ের এই সাফল্যে আড়ানী পৌর এলাকায় আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়রা বলছেন, মায়ের মতোই ভবিষ্যতে আনসার বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আফরিন মৌ।




