বগুড়ায় এলজিইডির উদ্যোগে এলপিপি বিষয়ক ফিডব্যাক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)’ এর আওতায় ‘লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান (এলপিপি)’ বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম আজম ও মলয় কুমার চক্রবর্তী। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক এনএসএম জিল্লুর রহমান।
কর্মশালায় বক্তারা বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এলজিইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় এলজিইডির প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় প্রস্তুতি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন। বক্তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে সমন্বিত পরিকল্পনা ও অংশীদারিত্বমূলক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।




