মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রকাশিত: জুন ১৮, ২০২৬; সময়: ৫:১৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফল সংরক্ষণের কৌশল এবং কৃষকদের জন্য পরামর্শসেবা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমেলা খাতুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিমুদ্দিন ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তাও অনুষ্ঠানে অংশ নেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করা এবং বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন কৃষকদের মধ্যে ফল চাষে আগ্রহ বাড়ানোর পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন