ঈদুল আযহায় রাবিয়ানসহ মুসলিম উম্মাহকে রুয়ার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাবিয়ানসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি মু. রফিকুল ইসলাম খান এমপি ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ত্যাগ ও কুরবানির মহিমা নিয়ে পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর দ্বারে সমাগত। এই ঈদ কেবল ত্যাগের চেতনাকেই জাগ্রত করে না, বরং সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা বলেন, মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীম (আ.) আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ ও কুরবানির মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সেই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শিক্ষা দিতেই আল্লাহ তায়ালা কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাতের ওপর কুরবানির বিধান জারি রেখেছেন।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন ঘোষণা করেছেন- “বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহরই জন্য।” ঈদুল আযহা মানুষের মাঝে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ সৃষ্টি করে। ব্যক্তি জীবনে নফসের ওপর বিজয়ী হয়ে আল্লাহর বিধান অনুসরণ করতে পারলেই প্রকৃত অর্থে তাঁর সন্তুষ্টি অর্জন সম্ভব।
রুয়া নেতৃবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহর প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা জানান। একই সঙ্গে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্য সচেতনতার সঙ্গে যথাযথ মর্যাদায় ঈদ উদযাপনের আহ্বান জানান।




