আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ‘ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-২০২৭’-এ দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।
গত ১৬ জুন প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, ১০০-এর মধ্যে ৪৫ দশমিক ৫ স্কোর অর্জন করে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬১২তম। একই সঙ্গে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম স্থান এবং বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।
গত বছরের তুলনায় এবার রাবির অবস্থানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৫-২০২৬ সালের র্যাঙ্কিংয়ে ৪১ দশমিক ৩ স্কোর নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে ছিল প্রতিষ্ঠানটি।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, গবেষণা, শিক্ষা ও একাডেমিক কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।




