সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, শূন্যরেখায় ১০-১৩ জন আটকে

প্রকাশিত: জুন ১, ২০২৬; সময়: ৭:১৬ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : যশোরের শার্শা উপজেলা-এর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) প্রায় ১০-১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বলে জানা গেছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিএসএফ কাটাতারের বেড়া পার করে ওই ব্যক্তিদের ঠেলে দেয়। তবে তারা এখনও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করতে পারেনি।

তিনি আরও জানান, সম্ভাব্য ‘পুশইন’ ঠেকাতে বিজিবি আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। বিভিন্ন সীমান্ত পয়েন্টে অতিরিক্ত জনবল মোতায়েন করে টহল জোরদার করা হয়।

বিজিবি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রাতভর বিএসএফের পক্ষ থেকে একাধিক স্থানে সমন্বিতভাবে প্রবেশের চেষ্টা চালানো হয়। এ সময় সীমান্তের আলো নিভিয়ে দিয়ে এবং গেট খুলে দেওয়ার মতো কৌশল ব্যবহার করা হয়। তবে বিজিবি প্রস্তুত থাকায় বড় ধরনের অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে।

শেষ পর্যন্ত রাত সাড়ে ৩টার দিকে পুনরায় ১০-১৩ জনকে কাটাতারের বেড়া পার করে শূন্যরেখায় ঠেলে দেওয়া হয়। বর্তমানে তারা সীমান্তের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছেন।

বিজিবি জানায়, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক কি না তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে যথাযথভাবে হস্তান্তর করা উচিত।

এদিকে স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, শূন্যরেখায় অবস্থানরতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পরিস্থিতি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন