জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে জয়ী বাংলাদেশ

প্রকাশিত: জুন ২, ২০২৬; সময়: ৯:৪৫ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান। সদস্যদেশগুলোর ভোটে জয়লাভ করে তিনি আগামী এক বছরের জন্য বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল এই আন্তর্জাতিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।

ভোটগ্রহণ অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

এই বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে দায়িত্ব পালনের সুযোগ পেল বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী।

কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এ নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক পরিসরে দেশের অবস্থান ও গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবেও এই বিজয়কে মূল্যায়ন করছেন সংশ্লিষ্টরা।

আগামী অধিবেশনে সভাপতি হিসেবে খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা, সদস্যদেশগুলোর মধ্যে সমন্বয় এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনার নেতৃত্ব দেবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন