কোমে খামেনির জানাজা, জামকারান মসজিদে মানুষের ঢল
শেষ বিদায়ে লাখো শোকাহত মানুষের অংশগ্রহণ, মাজারের উদ্দেশে নেওয়া হচ্ছে মরদেহ

পদ্মাটাইমস ডেস্ক : ইরানের পবিত্র নগরী কোমের ঐতিহাসিক জামকারান মসজিদে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত এ জানাজায় দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক শোকাহত মানুষ অংশ নেন।
জানাজার নামাজে ইমামতি করেন ইরানের প্রখ্যাত ধর্মীয় আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি অমোলি। নামাজ শেষে খামেনি এবং তাঁর পরিবারের নিহত সদস্যদের মরদেহ জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমা (আ.)-এর মাজারের উদ্দেশে নেওয়া হয়।
শেষ বিদায়ে অংশ নিতে সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রদেশ থেকে মানুষ কোমে জড়ো হতে শুরু করেন। রাতের মধ্যেই জামকারান মসজিদ প্রাঙ্গণ এবং আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। মঙ্গলবার সকালেও শোকাহত মানুষের ঢল অব্যাহত ছিল।
শেষযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল লাল রঙের ‘ইয়া লিসারাতিল হুসাইন’ পতাকা এবং ইরানের জাতীয় পতাকা। পদযাত্রী ও যানবাহনের দীর্ঘ বহর শোকমিছিলের সঙ্গে যোগ দেয়।
এর আগে সোমবার রাজধানী তেহরানেও খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে বিপুল জনসমাগম হয়। রাজধানীর পর কোমেও লাখো মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।




