ভিসা আবেদনকারীদের যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

পদ্মাটাইমস ডেস্ক : দীর্ঘ দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। ভিসা কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পরপরই দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলোতে আবেদনকারীদের ব্যাপক সাড়া দেখা গেছে।
ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত ২৮ জুন ভিসা সেবা চালু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
এ অবস্থায় ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহীদের কাছ থেকে পাওয়া ব্যাপক সাড়ায় তারা উৎসাহিত।
বার্তায় বলা হয়, ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে কাজ চলছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
ভারতীয় হাইকমিশন আরও জানায়, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।




