মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল

প্রকাশিত: জুলাই ৩, ২০২৬; সময়: ৯:৪৩ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রকে শক্তিশালী করে। তাই ভালো কাজের প্রশংসা এবং অনিয়ম-দুর্নীতির সমালোচনায় সাংবাদিকদের নিরপেক্ষ ও সাহসী ভূমিকা রাখতে হবে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যে খারাপ কাজ করবে তাকে খারাপ বলবেন, আর যে ভালো কাজ করবে তাকে বাহবা দেবেন। মনে রাখবেন, মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, নির্ভয়ে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথে দিকনির্দেশনা দেওয়াও সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে। সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, “যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী। ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।”

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না; দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি দেশ পরিচালনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ প্রশাসন, রাজনৈতিক ও সাংবাদিক মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন