নতুন পোশাকে মাঠে বাংলাদেশ পুলিশ

প্রকাশিত: জুলাই ১, ২০২৬; সময়: ৭:৪২ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ পুলিশ নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে। বুধবার (১ জুলাই) থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। নতুন ইউনিফর্মে শার্টের রং গাঢ় নীল বা হালকা জলপাই এবং প্যান্টের রং খাকি রাখা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন পোশাকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ সময় তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, বুধবার থেকেই নতুন পোশাক পরা শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব সদস্যের কাছে নতুন ইউনিফর্ম পৌঁছেনি। পর্যায়ক্রমে সবাই নতুন পোশাক পাবেন।

পোশাক পরিবর্তনের প্রেক্ষাপট

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবির অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নতুন পোশাকের সিদ্ধান্ত হয় এবং ২৫ নভেম্বর থেকে লোহা-ধূসর শার্ট ও কফি-বাদামি ধূসর প্যান্টের ইউনিফর্ম চালু করা হয়।

তবে সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবারও ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন প্রজ্ঞাপন জারি করে বর্তমান ইউনিফর্ম অনুমোদন দেয়।

নতুন ইউনিফর্মে যা থাকছে

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য খাকি রঙের ট্রাউজার এবং গাঢ় নীল রঙের শার্ট নির্ধারণ করা হয়েছে। শার্টে থাকবে চারটি পকেট এবং সামনে সাতটি বোতাম।

এ ছাড়া জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক এবং মাথার আবরণের রঙেও পরিবর্তন আনা হয়েছে। গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহার করা হবে।

নারী পুলিশ সদস্যদের জন্য নির্দেশনা

প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাক সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের অনুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক পরার সুযোগও রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট ব্যবহার করবেন পুলিশ সদস্যরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন