ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

প্রকাশিত: জুন ২৬, ২০২৬; সময়: ২:২৬ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : দীর্ঘ আট মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকার রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত ডিআইজি (উপ-মহাপরিদর্শক) বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার এ কর্মকাণ্ড ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে গণ্য হওয়ায় তা শাস্তিযোগ্য অপরাধের আওতাভুক্ত।

এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, তিনি যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেই তারিখ থেকেই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন